ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিনের নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র ভেঙ্গে নদী গর্ভে বিলীন হতে চলেছে।
প্রশাসনিক জটিলতার অজুহাতে ভবনটি সঠিক সময়ে অকশন টেন্ডারের মাধ্যমে অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, চর জহিরউদ্দিনের মানুষের আশ্রয় ও শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) ২০১০- ২০১১ অর্থ বছরে ২ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবনটি নির্মাণ করেন। এ ভবনে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম চালু করেন। ১৯৫ ফুট দৈর্ঘ্যের ২১ কক্ষ বিশিষ্ট ভবনে ২০১৭ সালে এমপিওভুক্ত হয়। দুর্গম চরের ২১৬ শিক্ষার্থীকে ১২ শিক্ষক-কর্মচারী শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখছিলেন।
বর্তমানে মেঘনার তীব্র ভাঙনের কবলে বিশাল ভবনটি নদীগর্ভে বিলীন হতে চলছে।
ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বই-আসবাবপত্র-সোলারসহ কিছু জিনিস সরিয়ে নিয়েছি। আমরাও আশ্রয়হীন হয়ে পড়েছি।
মলংচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল জানান, চরের মানুষের আশ্রয় ও শিক্ষার প্রসার অব্যাহত রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
এ ব্যাপারে তজুমদ্দিন উপজলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাসহ পরিদর্শন শেষে নিলামের মাধ্যমে অপসারণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু নদী ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ভবনের একাংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে।
