সুনামগঞ্জে ২ হাজার হেক্টর ফসল পানির নিচে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:১২ এএম

গত কয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওর ও সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জের সব কটি নদ-নদী ও হাওরের পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে চতুর্থ দফা বন্যার আশঙ্কা রয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় সুরমা নদীর পানি ঘোলঘর পয়েন্ট দিয়ে বিপদসীমার ৮ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলে সীমান্তবর্তী নদী যাদুকাটা ও চলতি নদীর পানি বিপদসীমার ১৪৮ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া টানা বৃষ্টিপাতে জেলা কৃষি কর্মকর্তার তথ্যমতে, জেলায় ২ হাজার হেক্টর রোপা আমনের ফসলের জমি তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফর উদ্দিন জানান, টানা বৃষ্টিতে জেলার প্রায় ২ হাজার হেক্টর রোপা আমনের ফসলের জমি পানির নিচে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পুরোপুরি ফসলের ক্ষতি নিরূপণ করা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে নদীর পানি বিপদসীমার কাছাকাছি থাকায় চতুর্থ দফায় আবারও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পাউবো। জেলার তাহিরপুর, বিশ^ম্ভরপুর, ধর্মপাশাসহ কয়েক উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৪২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার দুপুরে পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। ভারতের মেঘালয়ে গত দুই দিন যেভাবে বৃষ্টি হয়েছে, এভাবে বৃষ্টি হলে নদীর পানি আরও দ্রুত বাড়তে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত