নাইজেরিয়ায় আইএস হামলায় ১৪ পুলিশ কর্মকর্তা-সেনা নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৪ পিএম

নাইজেরিয়ার সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমে সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে এক সন্ত্রাসী হামলায় অন্তত ১৮ জন নিহতের ঘটনা ঘটেছে। আলজাজিরার খবর।

বোরনো প্রদেশে শুক্রবারের ওই হামলায় ৪ সেনাসদস্য, ১০ পুলিশ কর্মকর্তা এবং ৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

গত এক দশকেরও বেশি সময় ধরে আইএসের সঙ্গে লড়ছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।

দেশটির প্রতিরক্ষা সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল জন এনেচে এক বিবৃতিতে জানান, মনগুনো শহর থেকে বাগা শহরের রাস্তায় বিস্ফোরক দ্রব্য পুঁতে রাখে জঙ্গিরা।

বিস্ফোরণের পর পুলিশের দুইটি যানও ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরবর্তীতে সেনা অভিযানে সেগুলো উদ্ধার হয়।

গাড়ি বহরটির শুরুর দিকে ছিলেন বরনো প্রদেশের গভর্নর বাবাগানা জুলুম। তবে হামলায় তার কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। 

সন্ত্রাসবাদের শিকার হয়ে বাগা শহরের গৃহচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরানোর সরকারি পদক্ষেপের মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

এখনো গৃহচ্যুত মানুষদের ঘরে ফেরানোর উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি, এ ঘটনা সেটিই ইঙ্গিত করে।

আফ্রিকায় বোকো হারাম নামে পরিচিত আইএসের হামলায় ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। দশ লাখেরও বেশি মানুষ পালিয়েছে ঘরবাড়ি ছেড়ে।

২০০৯ সাল থেকে নাইজেরিয়া, চাদ, নাইজার ও ক্যামেরুনে জঙ্গি হামলা চালিয়ে আসছে বোকো হারাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত