বলিউড তারকা রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সরকার। এই বাড়িগুলো অধিগ্রহণ করে ঐতিহাসিক ভবন হিসেবে সংরক্ষণ করা হবে।
বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ওই বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ।
দুই কিংবদন্তি বলিউড তারকার পূর্বপুরুষের বাড়ি কিনে নেওয়ার জন্য ইতিমধ্যেই বাজেট বরাদ্দ করেছে খাইবার-পাখতুনখাওয়া প্রত্নতত্ত্ব বিভাগ। পেশোয়ার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভবন দুটিকে আগেই ‘হেরিটেজ বিল্ডিং’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
রাজ কাপুর ও দিলীপ কুমারের পূর্বপুরুষের বাড়ি দুটির বর্তমান বাজারদর কত হতে পারে, তা স্থির করতে পেশোয়ার ডেপুটি কমিশনারের কাছে একটি সরকারি চিঠি পাঠানো হয়েছে। ব্রিটিশ ইন্ডিয়া বিভাগের আগে এখানেই জন্মেছিলেন ভারতীয় সিনে ইতিহাসের অপরিহার্য দুই চরিত্র।
রাজ কাপুরের পূর্বপুরুষের বাড়িটি কাপুর হাভেলি নামে পরিচিত। কুইসা খাওয়ানি বাজারে এটি অবস্থিত। ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে অভিনেতার দাদা দেওয়ান বশেশ্বরনাথ কাপুর বাড়িটি তৈরি করেন। সেখানেই রাজের জন্ম। একই এলাকায় অবস্থিত দিলীপ কুমারের পূর্বপুরুষের ১০০ বছরেরও বেশি পুরোনো বাড়িটি।
অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত দুটি বাড়িকেই এর আগে ভেঙে ফেলে কমার্শিয়াল প্লাজা নির্মাণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রতিবারই সেই চেষ্টা আটকে দেয় পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগ।
কাপুর হাভেলি খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সরকারের কাছে বিক্রি করতে ২০০ কোটি রুপি দাবি করেছেন বর্তমান মালিক আলী কাদর।
