পাবলিক সার্ভিস কমিশনের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিটিভির সাবেক মহাপরিচালক, সাবেক অতিরিক্ত সচিব ও ভাওড়া হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওয়াজেদ আলী খান মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকারপাড়া গ্রামের মৃত. আছমত আলী খানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ড. ওয়াজেদ আলী খান নানা রোগে ভুগছিলেন। গত এক সপ্তাহ আগে অসুস্থতার কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ আসে।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১টার দিকে তার মৃত্যু হয় বলে ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন জানিয়েছেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তৃতীয়।
সোমবার বাদ এশা ভাওড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ওয়াজেদ আলী খানের মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য একাব্বর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেন।
