আদালতের আদেশ অমান্য করায় মহেশপুর থানার ওসিকে শোকজ

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৯:৩১ পিএম

আদালতের আদেশ অমান্য করে আইনবহির্ভূত কাজ করায় ঝিনাইদহের মহেশপুর থানার ওসিকে শোকজ করেছে আদালত। গত বুধবার বিকেলে সিনিয়র সহকারী জজ মহেশপুর আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান এ আদেশ দেন।

ওসির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে মর্মে আগামী সাত দিনের মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুলাই মহেশপুর আদালতে জমিসংক্রান্ত একটি দেওয়ানি মামলা করেন মহেশপুরের কুষাডাঙ্গা গ্রামের ফজজুল হক। ৬২ দশমিক ৫ শতক জমির বিবাদী রয়েছে একই গ্রামের ফজের আলী। আদালতে বিচারাধীন ওই মামলার বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয় আদালত।

সম্প্রতি মামলার বাদী ওই জমিতে স্থাপনা নির্মাণ শুরু করেন। স্থিতাবস্থা চালু থাকার পরও স্থাপনা তৈরি হচ্ছে এমন অভিযোগ বিবাদী মহেশপুর থানাকে অবহিত করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি নিয়ে বিবাদীপক্ষের আইনজীবী আদালতে আবেদন করলে আদালত নথি যাচাই ও পর্যালোচনা করে ওসিকে কারণ দর্শানোর নোটিস দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত