সিরিয়ার উত্তরাঞ্চলে বৃহস্পতিবার থেকে সংঘর্ষে ১৮ সরকারপন্থী যোদ্ধা ও আইএস জঙ্গি নিহত হয়েছে। নিহতদের ১১ জন সরকারি বাহিনীর সদস্য।
রুশ বিমান হামলার সমর্থন নিয়ে আইএস জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সরকার সমর্থিত বাহিনী।
শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাকা, আলেপ্পো ও হামা প্রদেশের মিলিত স্থান বাদিয়া মরুভূমি এবং হোমস প্রদেশের পূর্বাঞ্চলে চলা এ সংঘর্ষে সরকারপন্থী ও মিত্র বাহিনীর ১১ যোদ্ধা এবং সাত জঙ্গি নিহত হয়েছে।
ব্রিটেনভিত্তিক এই সংস্থা আরও বলছে, সিরিয়ার সরকারি বাহিনীর সমর্থনে রাশিয়ান বিমান জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আইএস জঙ্গিরা ২০১৯ সালের মার্চ মাসে সিরিয়ায় তাদের বৃহৎ অংশের নিয়ন্ত্রণ হারালেও বাদিয়া মরুভূমি এলাকা এখনো ধরে রেখেছে এবং নিয়মিত হামলা চালিয়ে আসছে।
উল্লেখ্য, ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিরাট এলাকা জুড়ে আইএস জঙ্গিরা নিজস্ব খেলাফত ঘোষণা করে। কিন্তু একের পর এক অভিযান চালিয়ে ওই সব অঞ্চল থেকে তাদের বিতাড়িত করা হয়।
