কুড়িগ্রামের দুধকুমার নদী ভাঙনরোধে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। সামাজিক সংগঠন ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার আয়োজনে এ মানববন্ধন হয়। গতকাল শনিবার দুপুরে ভূরুঙ্গমারী-সোনাহাট স্থলবন্দর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার সামাজিক সংগঠন, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, ‘কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদীর ব্যবস্থাপনা ও উন্নয়ন’ শিরোনামে পানি উন্নয়ন বোর্ডের ৭১৪ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রস্তাবিত প্রকল্পে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী এবং কুড়িগ্রাম সদর উপজেলায় নতুন বাঁধ নির্মাণ, সংস্কার এবং নদীর তীর সংরক্ষণে সিসি ব্লক দিয়ে প্রায় ২৬ কিলোমিটার নদীর তীর রক্ষার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক প্রমুখ।
