রাজের নামে ফেইসবুক খুলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৩:৩৭ পিএম

ভারতের পরিচালক রাজ চক্রবর্তীর নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড পেজ থেকে রাজ এই খবর দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি শিশু শিল্পীর খোঁজে নিজের ফেইসবুক পেজে একটি বিজ্ঞাপন দেন রাজ চক্রবর্তী। স্বাভাবিকভাবেই তা নজরে পড়তেই অনেক অভিভাবক তার সঙ্গে যোগাযোগ করেন। অডিশনও হয়। এরই মাঝে পরিচালকের কাছে খবর যায়, কেউ বা কারা তার নামে অভিভাবকদের থেকে টাকা নিচ্ছেন।

শনিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন পরিচালক। এরপর বর্ণালী ঘোষ, রাজু নাথ ও দীপম কুণ্ডু নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা প্রথমে রাজের নামে একটি ভুয়া প্রোফাইল খোলেন। সাধারণ মানুষের বিশ্বাস অর্জনে বেশ কিছু ছবি পোস্ট করেন সেই প্রোফাইলে। এরপর অভিনয়ে সুযোগ দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেন।

সন্দেহ হওয়ায় সিরিয়ালটি যে চ্যানেলে সম্প্রচার হবে বলে জানিয়ে শিল্পীর খোঁজ করছিলেন প্রতারকেরা সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এক অভিভাবক। তখনই প্রকাশ্যে আসে গোটা ঘটনা।

রাজ বলেছেন, ‘আমি আগেও বলেছি, ফেইসবুকে কারও সঙ্গে ব্যক্তিগতভাবে চ্যাট করি না। আর সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বা আমার কোম্পানির প্রত্যেকটি পেজই ভেরিফায়েড। অর্থাৎ পেজের পাশে একটি নীল টিক দেওয়া আছে। আমাদের এখানে টাকার বিনিময়ে কোনোরকম কাজ করার সুযোগ দেওয়া হয় না। কাজ করার মাপকাঠি শুধুমাত্র তোমাদের যোগ্যতা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত