বঙ্গোপসাগরের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের অদূরে ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে ২৫ মাঝিমাল্লা কূলে ফিরে এসেছেন। এর মধ্যে গত রবিবার রাতে তিনজন ও সোমবার বিকেল পর্যন্ত ২২ জন কূলে ফিরেছেন।
রবিবার সকালে বাঁশখালীর পশ্চিম চাম্বল বাংলাবাজার ঘাট থেকে মো. ছগিরের মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামে ফিশিং বোটটি নিয়ে ৩৬ জন মাঝিমাল্লা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। এ সময় একটি কর্ড জালের ফিশিং ট্রলার ধাক্কা দিয়ে বোটটিকে উল্টে দেয়। রবিবার বিকেল পর্যন্ত নিখোঁজ রয়েছে ১১ মাঝিমাল্লা।
ফিরে আসা মাঝিমাল্লাদের পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে বাংলাবাজার ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অন্য একটি ট্রলারের ধাক্কায় ফিশিং বোটটি সাগরে তলিয়ে যায়। এ সময় বোটটিতে থাকা ৩৬ মাঝিমাল্লার মধ্যে রবিবার রাতে ফিরে আসেন নুরুন্নবী (৪৫), দেলোয়ার (৩০) ও মহিউদ্দিন (৩৫)। নিখোঁজ মাঝিমাল্লাদের মধ্যে বিকেলে আরও ২২ জন কূলে ফিরে আসেন।
এদিকে পশ্চিম চাম্বল বাংলাবাজার ঘাটে পরিদর্শনে আসেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মুফিজ উদ্দিন, বাঁশখালী থানা ওসি মো. রেজাউল করিম মজুমদার ও চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।
বাঁশখালী থানার ওসি বলেন, এখন পর্যন্ত ২৫ জন মাঝিমাল্লার ফিরে আসার খবর জানিয়েছে জেলেরা। এখনো ১১ জন নিখোঁজ। তাদের সন্ধানে বঙ্গোপসাগরে কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
