রাজধানী ঢাকার পার্শ্ববর্তী সাভারে ভাগনের সঙ্গে দেখা করতে এসে নিখোঁজের ১৬ ঘণ্টা পর এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুর ১টার দিকে হেমায়েতপুরের বলিয়ারপুর ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন যমুনা ন্যাচারাল পার্কের পাশে জঙ্গল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রবিউল লস্কর (৪১) নড়াইল জেলার সদর থানার নরাঘাটি গ্রামের মোসলেম লস্করের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১ ৮৭/৫ (ক) বাসায় থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গেটের সামনে ‘শাহ খাবার হোটেলের’ ব্যবসা করতেন।
নিহতের ছোট ভাই মিজান লস্কর জানান, সোমবার বিকেল ৪টায় মিরপুরের বাসা থেকে সাভারের উদ্দেশে বের হয়ে যান তার ভাই রবিউল। পরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাগনের হার্ডওয়্যার দোকানে দেখা করে সন্ধ্যা ৭টার দিকে বাসার উদ্দেশে রওনা হন তিনি। বাইপাইলে কাজ আছে জানালে ভাগনে তাকে রিকশায় তুলে দেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে মেয়ের সঙ্গে ফোনে শেষবারের মতো কথা বলেন তার ভাই। সবশেষ রাত ১২টার দিকে তার ভাইয়ের ফোন থেকে তার স্ত্রীকে কল করে অজ্ঞাত এক ব্যক্তি তার ভাইকে মেরে ফেলা হয়েছে জানিয়ে ফোন বন্ধ করে দেন।
এরপর আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে তার ভাইয়ের লাশ পাওয়া গেছে বলে পুলিশ তাদের ফোনে জানায় বলে জানান মিজান। তবে কে বা কারা তার ভাইকে হত্যা করেছে সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তিনি।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, লাশের মুখ গামছা দিয়ে শক্ত করে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
