বরিশালে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ শিশুকে হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার রাতের মধ্যে মুক্তি দিয়ে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশালের শিশু আদালতের বিচারক আবু শামীম আজাদ শিশুদের তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি নির্দেশ দেন।
গত ৭ অক্টোবর শিশুদের আর্তনাদের ছবি ও প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ পেলে বৃহস্পতিবার হাইকোর্ট রাতের মধ্যে ওই ৪ শিশুকে জামিন দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় পৌঁছে দেয়ার জন্য বরিশালের শিশু আদালতের প্রতি নির্দেশ দেন।
বরিশাল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, বরিশাল কেন্দ্রীয় কারাগার, যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র এবং সেখানকার স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় আজ রাতের মধ্যে শিশু আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়।
বরিশালের জেলা প্রশাসক এসএ অজিয়র রহমান রাতে বলেন, ওই ৪ শিশুকে আজ রাতের মধ্যে তাদের অভিভাবকদের হেফাজতে পৌঁছে দেয়ার শিশু আদালতের আদেশ বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ওই আদেশ পাঠানো হয় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে। বরিশাল থেকে যথাযথ ব্যবস্থায় যশোর গিয়ে সেখান থেকে ওই শিশুকে আনা অনেক সময়ের ব্যাপার। তাই সেখানকার প্রশাসন ও পুলিশের সহায়তায় বিশেষ ব্যবস্থায় কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে ওই ৪ শিশুকে বরিশালে আনার প্রক্রিয়া চলছে। যশোর থেকে আসতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। শিশুদের বরিশাল এনেই বাকেরগঞ্জে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
গত ৭ অক্টোবর বুধবার বিকেলে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলি আদালতের বিচারক মো. এনায়েতুল্লাহ ওই ৪ শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন। ওই আদেশ বলে ওই দিন সন্ধ্যায় আদালত থেকে প্রিজনভ্যানে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ। নেওয়ার সময় শিশুদের গগনবিদারী চিৎকার সকলের হৃদয়ে নাড়া দেয়।
গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন দেখে হাইকোর্ট বৃহস্পতিবার রাতের মধ্যে ওই ৪ শিশুকে জামিন দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় পৌঁছে দেয়ার জন্য বরিশালের শিশু আদালতের প্রতি নির্দেশ দেন।
মামলার এজাহারে সাইদুল ইসলামের বয়স ১১ এবং সোলায়মান ইসলাম তামিম, হাফিজুল ইসলাম লাবিব ও শাওন হাওলাদারের বয়স ১০ বছর দেখানো হলেও দৃশ্যত তাদের বয়স ৭ থেকে ৯ বছরের মধ্যে।
গত রবিবার বিকেলে খেলার সময় ৬ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে তার বাবা ওই ৪ শিশুর বিরুদ্ধে গত মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
পুলিশ গত মঙ্গলবার ৪ শিশুকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন।
