পদত্যাগ করতে 'প্রস্তুত' কিরগিজস্তানের প্রেসিডেন্ট

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০২:১৫ পিএম

প্রশ্নবিদ্ধ নির্বাচনের জের ধরে দেশ পরিচালনায় চলমান নেতৃত্বশূন্যতার অবসান টানতে নিজে ক্ষমতা ছাড়তে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সোরনবাই জিনবেকভ। জানিয়েছেন, নতুন কেবিনেট গঠিত হলেই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান রাশিয়াপন্থী জিনবেকভ। তার এই ঘোষণায় কিরগিজস্তানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহজ হবে বলে ধারণা করা করা হচ্ছে।

গত রোববার অনুষ্ঠিত হয় কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনে অপ্রত্যাশিতভাবে জিনবেকভের অনুসারী দলগুলো সংখ্যাগরিষ্ঠতা পেলে বিক্ষোভে ফেটে পড়ে বিরোধী দলগুলো।

একপর্যায়ে মঙ্গলবার পার্লামেন্ট ভবনসহ সরকারি ভবনগুলো দখলে নেয় বিক্ষোভকারীরা। দাবির মুখে নির্বাচনের ফল বাতিল করে কর্তৃপক্ষ। কারাগারে ১১ বছরের সাজায় থাকা বিরোধী দলীয় রাজনীতিক সাদির জাপারভ ও সাবেক প্রেসিডেন্ট আলমাসবেক আতামবায়েভকে মুক্ত করে আনেন তারা।

পদত্যাগ করেন প্রেসিডেন্ট সোরনবাইয়ের অনুচর হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী কুবাতবেক বরোনোভ। তার স্থলাভিষিক্ত হন কারাগারমুক্ত জাপারভ।

এর ফলে মধ্য এশিয়ার দেশটিতে ক্ষমতার সংকট তৈরি হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের নেতৃত্ব বাছাই করতে পারেনি বিরোধী দলগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত