ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার টিকরপুর এন-মল্লিক পেট্রোল পাম্পের সামনের সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নবাবগঞ্জ সদরের দিকে দ্রুত গতিতে মোটরসাইকেলে করে যাচ্ছিল দুই যুবক। এ সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সড়কের মোড়ে তাদের মধ্যে মুখোমুখী সংঘর্ষ ঘটলে ছিটকে পড়ে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়।
নবাবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
