দেশকে করোনামুক্ত ঘোষণা করা নেপালি মন্ত্রী নিজেই আক্রান্ত

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১২:১৬ পিএম

সংক্রমণের এক মাস পরই নেপালকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করেছিলেন দেশটির পর্যটনমন্ত্রী যোগেশ ভট্টারায়। এবার তিনি নিজেই আক্রান্ত হলেন প্রাণঘাতী এই ভাইরাসে।

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে করোনা আক্রান্তের খবর জানান ভট্টারায়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মন্ত্রী পরিষদের প্রথম করোনা আক্রান্ত সদস্য হলেন তিনি।

গত বছরের জুলাইয়ে পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া ভট্টারায় ফেসবুক পোস্টে লিখেছেন- “গত সোমবার আমি করোনাভাইরাস টেস্ট করিয়েছিলাম, আমার রিপোর্ট ছিল নেগেটিভ। এরপর আমি কাঠমান্ডুর বাইরে বেশ কয়েকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করি। শনিবার করোনা টেস্ট করালে রিপোর্ট আসে পজিটিভ।”

ভট্টারায়ের পোস্টে জানা যায়, ছয় দিনের ব্যবধানে দুইবার করোনাভাইরাস টেস্ট করিয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন বৃহস্পতিবার বালুওয়াটারে কেবিনেট মিটিংয়ে। এর ফলে তার সংস্পর্শে আসা অন্য মন্ত্রীদেরও করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

ভট্টারায় ফেসবুক পোস্টে আরও জানান, তিনি আক্রান্ত হলেও তেমন কোনো লক্ষণ নেই। আর কেবিনেট সভায় সবার আসন ব্যবস্থা ছিল ‘নিরাপদ’ এবং প্রত্যেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসেছিলেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী সব সময় অন্য মন্ত্রীদের সঙ্গে অন্তত পাঁচ মিটার দূরত্ব বজায় রেখে বসেন। মন্ত্রীরাও একে-অপরের সঙ্গে এই দূরত্ব বজায় রেখে বসেন। আর এসব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।”

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে নেপালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার এক মাস পরই ফেব্রুয়ারিতে দেশটিকে করোনামুক্ত ঘোষণা করেছিলেন পর্যটনমন্ত্রী ভট্টারায়। সেই সঙ্গে পর্যটকদের টানতে নেপাল যে করোনামুক্ত তা প্রচারণার আহ্বান জানান তিনি। আদতে নেপালে করোনাভাইরাস এখনও বিতাড়িত হয়নি।

ভট্টারায় ওলির মন্ত্রী সভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এর আগে প্রধান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক দিব্য সিং শাহ এবং ব্যক্তিগত ফটোগ্রাফার রাজন কাফ্লে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওলির বেশ কয়েকজন ঘনিষ্ঠজন।

করোনাভাইরাসে আক্রান্তের বৈশ্বিক তালিকায় নেপালের অবস্থান ৪০ তম। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫ হাজার; এর মধ্যে মৃত্যু হয়েছে ৬১৪ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত