রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকালে পল্লবীর কালশী কবরস্থান এলাকায় একটি মেসবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আলামিন, জুয়েল, মিন্টু ও হৃদয়।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
পল্লবী থানা পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী দুইদিন আগে বাড়ি থেকে বাবা কাছে ঢাকায় বেড়াতে এসেছিল। রাতে বাবার সাথে রাগ করে সে বাসার বাইরে যায়। এক পর্যায়ে আলামিন, জুয়েল, মিন্টু ও হৃদয় নামে চারজন যুবক ওই কিশোরীকে ফুসলিয়ে কালশী কবরস্থান এলাকায় একটি মেসবাড়িতে নিয়ে যায়। সেখানে সে ধর্ষণের শিকার হয়।
এক পর্যায়ে সকাল ৭ টার দিকে ভুক্তভোগী কিশোরীটি নিজেই পল্লবী থানায় এসে বিষয়টি জানালে পুলিশ দ্রুত অভিযানে নেমে ওই চারজনকে আটক করে। পরে ঘটনায় মামলা হলে ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।
