সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবার যেন ক্রোনক্রমেই দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পালাতে না পারেন সেজন্য সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, শুধুমাত্র ওই এসআই আকবর কেন আমরা সীমান্তে সব সময় সতর্কতাবস্থায় থাকি। যেন কোনক্রমেই সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পারাপার না হয়, সেটি রোধে আমরা সীমান্তে ২৪ ঘণ্টা কাজ করে থাকি। কেউ এই পথ ব্যবহার করে ভারতে যেতে বা ভারত থেকে বাংলাদেশে আসতে পারবে না সে ধরনের ব্যবস্থা নেওয়া রয়েছে বলেও জানান তিনি।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানান, করোনার কারণে যেহেতু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে। তাই এই পথ ব্যবহার করে কারও ভারতে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তারা।
প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া রায়হান নামে এক যুবককে তুলে নিয়ে চাঁদার দাবিতে নির্যাতন করেন বলে অভিযোগ করে তার পরিবার।
পরের দিন সকালে তিনি মারা যান। নির্যাতনের সময় এক পুলিশের মুঠোফোন থেকে রায়হানের পরিবারের কাছে কল করে টাকা চাওয়া হয়। পরিবারের সদস্যরা সকালে ফাঁড়িতে পরে হাসপাতালে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন।
