ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ২১ নাগরিক। রবিবার এক বিবৃতিতে তারা ধর্ষণ প্রতিরোধে কিছু সুপারিশও তুলে ধরেন।
বিবৃতিতে তারা বলেন, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিধান সংবলিত রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার জন্য সরকারকে অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তড়িৎ সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপে এই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হয়েছে। এ জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও সাধুবাদ জানাই’।
তারা বলেন, ‘পাশাপাশি আমরা এ কথা উল্লেখ করতে চাই যে আইনের সঠিক ও সময়োপযোগী প্রয়োগের ওপর নির্ভর করছে এর কার্যকারিতা। বাংলাদেশে অনেক আইন রয়েছে কিন্তু এর সঠিক প্রয়োগ ঘটছে না। তাতে করে আইন তার বিশ্বাসযোগ্যতা ও প্রয়োগকারীর ওপর জনগণ আস্থা হারিয়ে ফেলছে। এ অবস্থায় আমরা দ্রুততম তদন্ত ও নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার তাগিদ জানাই’।
বিবৃতিদাতারা হলেন, আবদুল গাফ্ফার চৌধুরি, শামসুজ্জামান খান, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, আবদুস সেলিম, মামুনুর রশীদ, নির্মলেন্দু গুণ, মফিদুল হক, হাবীবুল্লাহ সিরাজী, মোহাম্মদ নূরুল হুদা, শফি আহমেদ, নাসির উদ্দীন ইউসুফ, লাকী ইনাম, সারা যাকের, শিমূল ইউসুফ, গোলাম কুদ্দুছ, মান্নান হীরা, হাসান আরিফ।
তারা আরো বলেন, বিদ্যমান আইনের অনুপুঙ্খ বিশ্লেষণ করে আইনকে নির্যাতিত ও ধর্ষিত নারীর অনুকূলে সংশোধনী আনার জোর দাবি জানাই। আমরা এ কথাও জোর দিয়ে বলতে চাই যে শুধু আইন সংস্কার ও শাস্তি প্রদান করে এই জঘন্য অপরাধ থামানো যাবে না। এর জন্য প্রয়োজন দেশে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিশুদ্ধতা’।
এ জন্য তারা যেসব সুপারিশ দিয়েছেন সেগুলো হলো, ধর্ষক ও সন্ত্রাসী যেন কোনো রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় এ ঘৃণ্য অমানবিক কাজ করতে না পারে তা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা বাহিনীর শতভাগ সততা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ প্রশাসন ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা, ধর্মান্ধ মৌলবাদীদের অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া। বিভিন্ন ধর্ম সভায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা দিয়ে নিরন্তর নারী-অবমাননাকর বক্তব্য থেকে মৌলবাদীদের নিবৃত্ত করতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেয়া। ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ও নির্যাতিত নারীকে সামাজিক লাঞ্ছনা থেকে রক্ষাকল্পে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে সব সামাজিক- সাংস্কৃতিক শক্তির কর্মসূচিকে সর্বাত্মক সহায়তা প্রদানে তৎপর হওয়া।
প্রাথমিক-উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যসূচির আধুনিকায়ন। মাদ্রাসা শিক্ষা কার্যক্রমকে সরকার নিয়ন্ত্রিত করা এবং নারীর প্রতি সম্মানের মানসিকতা গড়ে তুলতে সব পর্যায়ের শিক্ষা কার্যক্রমে, নারী-পুরুষের সমঅধিকারের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করা। একমুখী শিক্ষানীতি প্রণয়ন। পেশি শক্তির বিপরীতে জ্ঞান ও যুক্তিনির্ভর সমাজ গড়ে তুলতে ব্যাপক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা। এ ক্ষেত্রে সংস্কৃতি কর্মী ও সংগঠনের দায় ও দায়িত্ব সর্বাধিক। সরকারের এই সাংস্কৃতিক আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করাও জরুরি।
১৩ অক্টেবার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
