মেসি দ্রুতই সেরা ফর্মে ফিরবে: বার্সা কোচ

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৯:১৭ এএম

গ্রীষ্মকালীন দল-বদলে বার্সেলোনা ছাড়ার চেষ্টা করার পর থেকে লিওনেল মেসি তার সেরা ফর্মে নেই বলে মন্তব্য করেছেন ক্লাবটির কোচ রোনাল্ড কোম্যান। তবে চলতি সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকের মাধ্যমে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় দ্রুতই ফর্মে ফিরবে বলে মনে করেন তিনি।

গত আগস্টে এক ফ্যাক্স বার্তায় বোমা ফাটান মেসি। তাতে বার্সেলোনার হর্তাকর্তাদের আর্জেন্টাইন এই ফরোয়ার্ড জানান, ক্লাব ছাড়তে চান তিনি। ফ্রি ট্রান্সফার ফিতে যেন তা ব্যবস্থা করা হয়।

তবে বার্সেলোনা ম্যানেজমেন্ট আপত্তি জানালে অনিচ্ছা সত্ত্বেও ক্লাবটিতে আরও একটি মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। ছয়বারের বর্ষসেরা ফুটবলারের এই অনিচ্ছা যেন পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে।

নতুন মৌসুম শুরুর পর থেকে গোলখরার মধ্যে আছেন মেসি। এখন পর্যন্ত লা লিগায় বার্সেলোনার চারটি ম্যাচের মধ্যে মাত্র একটি গোল করেছেন তারকা এই ফরোয়ার্ড। ভিয়ারিয়ালের বিপক্ষে পাওয়া গোলটি আবার পেনাল্টি থেকে।

ওই গোলের পর গত তিন ম্যাচের একটিতেও জালে বল জড়াতে পারেননি মেসি। এর মধ্যে গত শনিবার বার্সেলোনা সবশেষ ম্যাচে গেতাফের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের হার নিয়ে ফেরে।

তবে মেসির ফর্ম নিয়ে হতাশ হচ্ছেন না কোচ কোম্যান। চলতি সপ্তাহে ফেরেনকভারোস ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দুটির মাধ্যমে ছয়বারের বর্ষসেরা ফুটবলার গোলে ফিরতে পারে বলে মনে করেন বার্সেলোনার নবনিযুক্ত এই কোচ।

দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পারফরম্যান্স মন্তব্য করতে গিয়ে কাতালান ক্লাবটির কোচ কোম্যান বলেন, “হয়তো, এই সময়টায় মেসির পারফরম্যান্স আরও ভালো হতে পারে।”

“তবে সে খুশি। সে কঠোর পরিশ্রম করছে। সে সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। তার পারফরম্যান্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সে দুর্ভাগ্যের কবলেও পড়েছে। গেতাফের বিপক্ষে হারের ম্যাচটিতে তার বেশ কয়েকটি শট পোস্টে লেগেছে।”

“তার পারফরম্যান্স নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আসছে ম্যাচগুলোতে আমরা তাকে সেরা ফর্মে দেখব। এ ব্যাপারে আমি নিশ্চিত।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত