সোহেল চৌধুরীর জন্মদিনে কালো কেক বানালেন মেয়ে

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১২:০২ পিএম

প্রয়াত নায়ক সোহেল চৌধুরীর ৫৫তম জন্মদিন ছিল সোমবার। বিশেষ এই দিনে নিজের বানানো কেক কেটে বাবাকে স্মরণ করলেন মেয়ে লামিয়া চৌধুরী।

বাবা কী কেক পছন্দ করতেন, সেটা জানতে চেয়ে কয়েক দিন আগে ফেইসবুকে পোস্ট করেছিলেন লামিয়া। সেখান থেকেই জানতে পারেন ‘প্রিয়শত্রু’ নায়কের প্রিয় কেকের কথা।

লামিয়া সোশ্যাল মিডিয়ায় জানান, কেক বানাতে সিদ্ধহস্ত তিনি। পরিচিত ঘনিষ্ঠজনেরা চাইলেই তাদের কেক বানিয়ে দেন তিনি। অনেকে অনেক রকম কেক ভালোবাসেন। তাদের চাহিদামতো কেক বানাতে বানাতে একদিন মনে হলো, বাবার পছন্দের কেক বানাবেন তিনি।

কালো রঙের কেকটিতে লামিয়া কিছুই লেখেননি। সঙ্গে যোগ করেছেন সাদা, লাল ও রূপালি রঙের সামান্য কারুকাজ। তার ব্যাখ্যাও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বাবা ও নিজের সম্পর্কে এবং জীবন দর্শন নিয়ে কথা বলেন এই সেলিব্রিটি কিডস।

সোহেল চৌধুরী ও প্রয়াত নায়িকা পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া।

১৯৬৫ সালে ১৯ অক্টোবর সোহেল চৌধুরীর জন্ম। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। একই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন দিতিও।

এফ কবীর চৌধুরীর পরিচালনায় সোহেল-দিতি অভিনয় করেছিলেন ‘পর্বত’ ছবিতে। ১৯৮৬ সালের আমজাদ হোসেনের ‘হীরামতি’ করতে গিয়ে তার প্রেম। ছবিটির মুক্তির পরের বছর ১৯৮৭ সালে তারা বিয়ে করেন। লামিয়া ছাড়াও তাদের রয়েছে ছেলে দীপ্ত। পরে এ দম্পতির বিচ্ছেদ হয়। এরপর ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাত ২টার দিকে বনানীর একটি ক্লাবে খুন হন সোহেল চৌধুরী।

এ নায়ক ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন। অন্য ছবির মধ্যে আছে বিরহ ব্যথা, ভাই বন্ধু, পাপী শত্রু ও দাঙ্গা ফ্যাসাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত