কলকাতায় কিছু অংশে শুটিং হয়েছিল। এর পরের শিডিউল ছিল থাইল্যান্ডে। কিন্তু করোনার আবহে মার্চে স্থগিত হয় শামীম আহমেদ রনী পরিচালিত ‘কমান্ডো’। সিনেমাটির নাম ভূমিকায় আছেন কলকাতার তারকা দেব।
নিউ নরমাল পরিস্থিতিতে শুটিং আবার শুরু হচ্ছে। এবারের লোকেশন দুবাই।
জানা গেছে, ১৪ অক্টোবর কলকাতার টিম নিয়ে দুবাই যান দেব। বাংলাদেশ থেকে পরিচালক রনীও হাজির হন সেখানে।
টানা পাঁচ দিন লোকেশন দেখে তারা সিদ্ধান্ত নেন. ১ নভেম্বর থেকে শুটিং শুরু করবেন। ‘কমান্ডো’র প্রধান সহকারী পরিচালক পূজন মজুমদার সংবাদমাধ্যমকে জানান, টানা শুটিংয়ে শেষ কবে ‘কমান্ডো’। লোকেশনের সঙ্গে মিলিয়ে দু-একটা দৃশ্যের পরিবর্তন আনতে হতে পারে।
এ দিকে বাজেট ও অন্যান্য বিষয় নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলতে সোমবার ঢাকায় ফিরেছেন রনী।
সব ঠিক থাকলে বাংলাদেশের ইউনিটের ২৯ অক্টোবর দুবাইয়ের উদ্দেশে রওনা হবে।
দুবাই থেকে ফেইসবুকে কিছু ছবি শেয়ার করে রনীও জানান দেন, আবার শুরু হচ্ছে ‘কমান্ডো’। সেই সব ছবিতে তার সঙ্গে দেবকে দেখা যায়।
বাংলাদেশের একক প্রযোজনায় নির্মিত এ সিনেমায় দেবের বিপরীতে আছেন জাহরা মিতু, এর আগে তিনি শাকিব খানের অসমাপ্ত ছবি ‘আগুন’-এ অভিনয় করেন।
