নিরাপত্তা পরিষদে আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১২:০০ পিএম

আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি নাগরনো-কারাবাখ বিষয়ে নতুন অস্ত্রবিরতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সোমবার বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখ নিয়ে রুদ্ধদ্বার আলোচনায় পরিষদ সদস্য দেশগুলো এ আহ্বান জানায়।
গত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া দু’দেশের মধ্যকার এ যুদ্ধে ইতোমধ্যে কয়েকশ’ লোক প্রাণ হারায়।

ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে নিরাপত্তা পরিষদ এ বৈঠক ডাকে। তারা আর্মেনিয়ার দখলে থাকা আজেরি ভূখণ্ড নাগরনো-কারাবাখ সংকট সমাধানে গঠিত মিনস্ক গ্রুপের কো-চেয়ার সদস্যও।

জাতিসংঘের একজন কূটনীতিক জানান, বৈঠকে প্রত্যেকেই পরিস্থিতি খারাপের কথা স্বীকার এবং উভয়পক্ষের সৈন্য ফিরিয়ে নেওয়ার কথা উল্লেখ করেছে।

এছাড়া অস্ত্রবিরতি মেনে চলার যে আহ্বান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, তাতে সম্মত হওয়ার কথাও সদস্য দেশগুলো উল্লেখ করেছে।

কূটনীতিকরা আরও জানান, নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট রাশিয়া একটি বিবৃতির ওপর কাজ করছে, যেখানে অস্ত্রবিরতির প্রতি আনুগত্যের আহ্বান জানানো হবে।

আন্তর্জাতিক মধ্যস্থতায় রবিবার রাত থেকে নতুন অস্ত্রবিরতি শুরু হয়। কিন্তু অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ পর দু’দেশ পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনে।

আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা দুটি স্বাধীন দেশে পরিণত হয়।

এরপর প্রায় চার দশক ধরে নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ দু’টির মধ্যে বিরোধ চলছে। নাগরনো-কারাবাখ অঞ্চলকে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এটি এখনো আর্মেনিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত