মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় পতনঊষার ইউপির মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের স্ত্রী ও সাবেক মহিলা ইউপি সদস্য নুরজাহান ইসলাম (৫৮) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টায় পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় নুরজাহানকে স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত মুক্তিযোদ্ধার স্ত্রীর ছেলে বদরুল ইসলাম রুবেল বলেন, ‘জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে ও দুপুরে পার্শ্ববর্তী বাড়ির প্রবাস ফেরত জসিম মিয়া (৪২) আমাদের বাড়িতে গিয়ে আমার মাকে হুমকি দেয়। সন্ধ্যায় আমার মা পাওনা এক লাখ টাকা দিতে গ্রামের ব্যবসায়ী সনওয়ার মিয়ার দোকানে যান। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগে পূর্ব-পরিকল্পিতভাবে জসিম মিয়া ও তার সহযোগীরা লোহার রড দিয়ে আমার মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আমার মাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।’
তবে এ ব্যাপারে অভিযুক্ত জসিম উদ্দিনকে পাওয়া না গেলেও তার বড় ভাই নাঈমুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। তবে এ ধরনের হামলা ও মারধর মোটেই ঠিক হয়নি। আমি নিজেও এ ঘটনায় মর্মাহত।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাটি আমি অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
