আইপিএলে গত মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার লড়াইটা যেন শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল শিখর ধাওয়ান বনাম নিকোলাস পুরানের যুদ্ধ। দুই বাঁ-হাতির দ্বৈরথ!
ম্যাচটিতে একজন সেঞ্চুরি করেও জেতাতে পারেননি দলকে। তিনি শিখর ধাওয়ান। অন্যজনের হাফসেঞ্চুরিতেই জয় এসেছে এক ওভার বাকি থাকতে। তিনি ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান।
আরব আমিরাতে চলমান আসরে আইপিএলের ইতিহাসে টানা দুই ম্যাচে সেঞ্চুরির বিরল নজির গড়লেন ধাওয়ান। ৬১ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস নিয়ে তার প্রতিক্রিয়া, ‘রেকর্ডের ব্যাপারটা জানতাম না। আমি কিন্তু সব সময় ইতিবাচক চিন্তা নিয়েই খেলি। আরো রান করাই একমাত্র লক্ষ্য ছিল। পিচ নিয়ে মাথা ঘামাইনি। কখনো আউট হওয়ার ভয়ও পাইনি। শুরু থেকে সাহস নিয়ে খেলেছি।’
আর পুরানের মন্তব্য, ‘নিজের খেলায় দারুণ খুশি। ইচ্ছে ছিল অপরাজিত থেকে দলকে জয় উপহার দেব। পারলাম না বলে খারাপ লেগেছে। এই আগ্রাসী ক্রিকেটটাই আমি ধরে রাখতে চাই।’
নিজের দারুণ ইনিংসের পরও দলের হার নিয়ে ধাওয়ানের মন্তব্য, ‘হারলেও ছেলেরা তো ভালো খেলছে। ভালো লাগছে ধারাবাহিক ভাবে রান পাচ্ছি বলে। আশা করি, পরের ম্যাচে দল আবার জয়ের ধারায় ফিরবে।’
