মাদক উদ্ধার করে বিক্রির অভিযোগে দুই পুলিশ ক্লোজড

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১০:০১ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে মাদক উদ্ধার করে বিক্রির অভিযোগে এক এসআইসহ দুই পুলিশকে ক্লোজড করেছেন পুলিশ সুপার।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (বিপিএম/বার) এক নির্দেশ দিয়ে তাদের কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করেন।

তারা হলেন ভৈরব থানার এসআই দেলুয়ার হোসেন ও গাড়িচালক কনস্টেবল মো. মামুন। তবে আরো তিন পুলিশ সদস্যকেও পুলিশ সুপার তলব করেছেন বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা নাটাল মোড়ে একটি গাড়ি তল্লাশী করে এক মাদক ব্যবসায়ীকে সাত কেজি গাঁজাসহ আটক করেন তারা। আটকের পর গাঁজা রেখে মাদক ব্যবসায়ীকে ছেঁড়ে দেন তারা।

পরে তারা দুজন উদ্ধারকৃত গাঁজা গোপনে বিক্রির পর টাকা ভাগাভাগি করেন। বিষয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. শাহিন জানার পর জিজ্ঞাসা করলে তারা ঘটনা স্বীকার করেন।

পুলিশ সুপার ঘটনাটি অবহিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ওই দুই পুলিশকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করেন। পুলিশ সুপারের কার্যালয় থেকে নির্দেশ আসার পর তারা দু’জন বৃহস্পতিবার বিকেলে ভৈরব থানা থেকে রিলিজ হয়ে পুলিশ লাইনে যোগদান করেন বলে সূত্র জানায়।

এ ছাড়া তিন কনেস্টেবলকে তলব করেন তার কার্যালয়ে। তারা হলেন কনেস্টেবল আমিনুল ইসলাম, জামাল উদ্দিন ও রাজীবুল ইসলাম।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি দুই পুলিশ ক্লোজড হওয়ার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন। তবে বিস্তারিত জানাতে অস্বীকার করেন।

জানতে চাইলে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ মোবাইল ফোনে জানান, অভিযোগের ভিত্তিতে দু’জনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয় এবং সেদিন ডিউটি থাকা আরো তিন পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত