সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় বাড়িতে ঢুকে জাতীয় পার্টির কর্মী আলী আকবরকে (৫৫) মুখোশধারী সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে।
গত বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আলী আকবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলী আকবরের ছেলে আবু হানিফ জানায়, রাত আনুমানিক ২টার দিকে ৭-৮ জন মুখোশধারী সন্ত্রাসী তাদের ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে আলী আকবরের কক্ষে ঢোকে। এ সময় সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে আলী আকবরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আলী আকবর জাতীয় পার্টির কর্মী বলে নিশ্চিত করেছেন সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম আলী।
এ ব্যাপারে তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, আলী আকবরের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
