ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৪:০০ পিএম

শুরু থেকেই নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজারের কাছাকাছি।

এদিকে মহামারিটি নতুন করে হানা দিয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার নতুন সংক্রমণে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে দেশটিতে।

যার প্রেক্ষিতে গবেষকেরা জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।

করোনা রোধে মাস্ক পরাকে গুরুত্ব দিয়েছেন মার্কিন গবেষকেরা। তারা জানান, সকল মার্কিন নাগরিকেরা মাস্ক না পরলে ফেব্রুয়ারিতে এমন পরিস্থিতি দেখা দেবে।

আলজাজিরা জানায়, ওয়াশিংটন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই)-এর গবেষকদের আশঙ্কা, ওই সময়ে যুক্তরাজ্যের ঘরে ঘরে হানা দেবে ঠাণ্ডা। ফলে আরও সহজে করোনা সংক্রমণ ঘটবে, বিশেষ করে বদ্ধ জায়গা ও দুর্বল ভেন্টিলেটেড জায়গায়।

রয়টার্সের পরিসংখ্যান অনুসারে শুক্রবার দেশটি জুড়ে ৮৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ ১৬ জুলাই রেকর্ড সংখ্যক ৭৭ হাজার ২৯৯ জন আক্রান্ত হয়েছিলেন। শুধু ১৭ সেপ্টেম্বর ভারতে একদিনে রেকর্ড ৯৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

আইএইচএমই ডিরেক্টর ক্রিস মুরায় জানান, ‘আমরা বড় ধরনের শীতকালীন সংক্রমণের মুখে।’ 

গবেষণা প্রতিষ্ঠানটি জানাচ্ছে, যদি ৯৫ শতাংশ মার্কিন নাগরিক মাস্ক পরে তাহলে সম্ভাব্য মৃতের সংখ্যা এক লাখ ৩০ হাজার কম হবে।

ওয়ার্ল্ডোমিটার ইনফোর পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট ৮৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত