দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিনিয়র সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেছেন, শুধু মামলা করে দুর্নীতি কমানো যাবে না, প্রতিরোধের ওপর জোড় দিতে হবে। কোনো একক প্রতিষ্ঠান নয়, সবখানেই কমবেশি দুর্নীতি আছে। যেখানে নেতৃত্ব দুর্নীতিমুক্ত সেখানে দুর্নীতি কম হয়। দুর্নীতি প্রতিরোধ করতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
সুনামগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্যানেলভুক্ত আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে দুদকের সমন্বিত সিলেট জেলা কার্যালয় এই মতবিনিময় সভায় আয়োজন করে।
বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
দুদকের সিলেট কার্যালয়ের পরিচালক এস এম মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নুরুর রব চৌধুরী।
এ ছাড়াও বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সদস্য সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দেব, সুনামগঞ্জের প্রবীণ নারীনেত্রী শীলা রায়, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জে দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু ও অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান।
সভায় দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সভায় আরও বলেন, আমরা দুর্নীতি প্রতিরোধের ওপর জোড় দিচ্ছি বেশি। শুধু মামলা হলো, আর শাস্তি হলো না সেটা হয় না। শাস্তি নিশ্চিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধে ছবি সর্বস্ব নয়, আন্তরিকভাবে সবাইকে কাজ করতে হবে। প্রত্যেক দপ্তরের দায়িত্ব তার প্রতিষ্ঠানের দুর্নীতি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এ জন্য শুদ্ধাচার কমিটিগুলোকে কাজে লাগাতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য লে. কর্নেল (অব) ডা. মো. মোকাব্বির আলী, প্রবীণ শিক্ষক যোগেশ্বর দাস, এনামুল হক চৌধুরী, সঞ্চিতা চৌধুরী, মালেকা খাতুন ও মো. রাজু আহমদ উপস্থিত ছিলেন।
