ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আলহাজ্ব এটিএম ফিরোজ আলম মুকুল (৫৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৮ টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া (আই.কে) মহাসড়কের আলহাজ্ব মোড়ে বাঁশ হাট এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। মুকুল ঈশ্বরদী শহরের রেলগেট কদমতলা এলাকার শামসুল আলম বিশ্বাসের ছেলে এবং বিশ্বাস বিপণি মার্কেটের স্বত্বাধিকারী।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ব্যবসায়ী মুকুল আলহাজ্ব মোড়ে বাঁশ হাট এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার ওপর পড়ে যায় সে। মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হলে প্রচুর রক্তক্ষরণ হয় তার। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহীতে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
রবিবার বাদ যোহর ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান মসজিদ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
