নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের গাড়িচালক মীজানুর রহমানের রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এই অনুমতি দেন।
এর আগে পুলিশ আসামি মিজানুর রহমানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
নৌবাহিনীর কর্মকর্তার দায়ের করা মামলায় সোমবার মিজানুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।
রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে রোববার সন্ধ্যার পর মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় সাংসদের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর গাড়িটি থেকে কয়েকজন ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন।
এ ঘটনায় সোমবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি থানার একটি মামলা হয়। হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান।
সোমবার দুপুরে সংসদ সদস্য হাজী সেলিমের একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালায় র্যাব। র্যাবের অভিযানে মদ, অস্ত্রসহ বিভিন্ন মালামাল খুঁজে পায় র্যাব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
