বাড়ি থেকে তুলে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ অভিযোগে একজন গ্রেপ্তার

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১২:৫১ পিএম

হাতিয়ার হরণী ইউনিয়নে এক গৃহকর্মীকে (১৮) তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।

সোমবার একই ইউনিয়নের কাজিরটেক থেকে গ্রেপ্তার করা হয় পেশায় মোটরসাইকেল চালক হেলালকে। তিনি স্থানীয় মাহফুজুর রহমানের ছেলে।

পলাতক রয়েছে অপর সহযোগী রহমত পুর গ্রামের বাসিন্দা জামসেদ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের(ওসি) বলেন, গত শনিবার রাতে পূর্ব রসুলপুর গ্রাম সংলগ্ন মেঘনার পাড়ে ধর্ষণের ঘটনাটি ঘটে।

প্রাকৃতিক কাজে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা হেলাল ও জামসেদ ওই গৃহকর্মীকে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক মেঘনাপাড়ে নিয়ে যায়। সেখানে জামসেদের সহযোগিতায় হেলাল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ওই নারী লক্ষ্মীপুরে গৃহকর্মীর কাজ করতেন। কয়েক দিন আগে তিনি বাড়ি আসেন।

ঘটনার পর রোববার ওই নারী দুজনকে আসামি করে হাতিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ওসি আবুল খায়ের মঙ্গলবার বলেন, ধর্ষণ মামলায় আটক হেলালকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত