চীনকে ঠেকাতে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৮:৩৭ এএম

চীনের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ নতুন সামরিক চুক্তি করেছে ভারত। গতকাল মঙ্গলবার ভারত সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় মন্ত্রীদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নতুন সামরিক চুক্তির আওতায় এখন থেকে দেশ দুটি একে অপরের স্যাটেলাইট ও মানচিত্রের স্পর্শকাতর তথ্য শেয়ার করবে। এর আগে গত সোমবার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে সঙ্গে নিয়ে নয়াদিল্লি পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষে পম্পেও সাংবাদিকদের বলেছেন, অনেক বড় কিছু ঘটছে। আমাদের দুই দেশের, প্রকৃতপক্ষে মুক্ত বিশ্বের সব নাগরিকের আরও ভালো সুরক্ষার জন্য গণতন্ত্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নেতা ও জনগণ পরিষ্কার দেখছে যে চীনা কমিউনিস্ট পার্টি গণতন্ত্র, আইনের শাসন, স্বচ্ছতা, স্বাধীনতার বন্ধু নয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার নতুন চুক্তিকে দুই দেশের জন্য একটি বিশাল মাইলফলক বলে মন্তব্য করেছেন। এটি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সামরিক সহায়তা আরও বেগবান করবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ভারতের কাছে আরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন বিক্রির পরিকল্পনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত