হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে বই-যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের জামিন বাতিল করে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ।
গতকাল বুধবার সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, ‘হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে বইপত্র, সাময়িকী, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ে বিপুল অঙ্কের দুর্নীতি হয়েছে। মালামাল ক্রয় বাবদ ব্যয় দেখানো হয় ১৩ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ১০৯ টাকা। কিন্তু বাস্তবে ওই মালামালের মূল্য ৫ কোটি টাকার বেশি নয়। বাকি টাকার পুরোটাই হয়েছে ভাগ-বাটোয়ারা। যেহেতু প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর নামে, এতে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে বিঘিœত হয়েছে।’
এতে আরও উল্লেখ করা হয়, অবিলম্বে দুদকের করা দুই মামলার বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত অধ্যক্ষ আবু সফিয়ানকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার, ক্রয় কমিটি ও বাজারদর যাচাই-বাছাই কমিটির সদস্যদের মামলায় অভিযুক্ত করে দুর্নীতিতে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় হবিগঞ্জের প্রতিবাদী জনতা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
সংগঠনটির সমন্বয়ক পিযুষ চক্রবর্তীর নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হয়।
