দুই গ্রাম পুলিশকে বিনা পারিশ্রমিকে ময়লা পরিষ্কার করানোর অভিযোগ

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ০৭:৩১ পিএম

হাতিয়ার দুই গ্রাম পুলিশকে দিয়ে বিনা পারিশ্রমিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের আগাছা ও আবর্জনা পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনকালে তাদের সকাল ও দুপুরের খাবার সরবরাহ করা হয়নি, তারা পায়নি কোনো পারিশ্রমিকও। কে তাদের এ কাজ করার নির্দেশ দিয়েছেন তাও জানা যায়নি ।

ওই দুই গ্রাম পুলিশ হলেন চর ঈশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জসিম  উদ্দিন (৪৮) এবং ৬ নম্বর ওয়ার্ডের  মো. মনির আহাম্মদ(৪৫)।

এ বিষয়ে ইউএনও মো. এমরান হোসেন দাবি করেন, গ্রাম পুলিশদের উপজেলা পরিষদের কাজে পাঠানোর অভিযোগ সঠিক নয়, এটি মিথ্যা।

তারা কাজ করছেন এমন ছবি আছে জানালে তিনি বলেন, এটা একদম ভুয়া ছবি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি । ওই দুই গ্রাম পুলিশের সঙ্গে কথা বলে তাদের দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে জানালেও ইউএনওর দাবি তারা মিথ্যা বলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ মো. ওয়াজ উদ্দীন তার বিরুদ্ধে গ্রাম পুলিশদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

গ্রাম পুলিশ জসিম উদ্দিন ফোনে জানান, বুধবার সন্ধ্যায় এক আসামিকে ধরার জন্য ইউএনও চর ঈশ্বর এলাকায় আসেন। তার আগে ইউপি চেয়ারম্যান তাদের ওই আসামিকে ধরতে পাঠান। তারা (গ্রাম পুলিশ) আসামিকে ধরতে গেলে তাদের দেখে আসামি পালিয়ে যায় । এ ঘটনায় ইউএনও তাদের দায়ী করেন এবং তার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

জসিম উদ্দিন আরো জানান, বৃহস্পতিবার সকালে তারা উপজেলা পরিষদের গেলে ইউএনওর গোপনীয় সহকারী (সিএ) মো. ওয়াজ উদ্দীন তাদের উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন বাসাবাড়ির পেছনের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার কাজ দেন। তার নির্দেশে তারা বৃহস্পতিবার সারা দিন কাজ করে বিকেলে বাড়ি ফিরে যান। শুক্র এবং শনিবারও তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে দুপুরে নিজের টাকায় হোটেলের খাবার খান ।

চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ দাবি করেন, ওই দুই গ্রাম পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ইউএনও তাদের উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে বলেছিলেন। ইউএনওর কার্যালয়ের সিএ নিয়োজিত শ্রমিকরা ঠিকমতো কাজ করছে কি না তা দেখতে গ্রাম পুলিশদের সেখানে পাঠিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত