পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যু: তদন্ত কর্মকর্তাসহ ৫ পিবিআই সদস্যের করোনা

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০৫:৫৭ পিএম

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মো. রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলামসহ পাঁচজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

রবিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সিলেটের এসপি মুহাম্মদ খালেদ-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এই পাঁচজনই হেফাজতে মৃত্যুর মামলার তদন্ত–সংশ্লিষ্ট ছিলেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

শনিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় তাদের পজিটিভ ফল আসে।

গত ১০ অক্টোবর সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে মো. রায়হান আহমদকে নির্যাতন করে পুলিশ। পরের দিন ১১ অক্টোবর রায়হান মারা যান।

এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন। নগর পুলিশের প্রাথমিক অনুসন্ধানে নির্যাতনের সত্যতা পাওয়ায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁঞাসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় ১৩ অক্টোবর থেকে মামলাটি পিবিআইতে স্থানান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত