দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৩:৪৭ পিএম

নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় খেলার সাথীদের সাথে গোসলে গিয়ে সোহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তেরীবাজার এলাকার সোমেশ্বরী নদীতে সৃষ্ট গর্তের পানিতে এ ঘটনা ঘটে।

নিহত সোহান উপজেলার তেরীবাজার এলাকার মো. সাহাব উদ্দিনের ছেলে।

জানা যায়, সোমেশ্বরী নদীর পানি কমে গেলেও বালু উত্তোলনের ড্রেজারের কারণে নদীর বিভিন্ন স্থানে গর্ত হয়ে জলাশয়ের সৃষ্টি হয়। সেখানে বেলা ১১টার দিকে সোহান তার মা ও পরিবারের অগোচরে বাড়ির কাছে আশপাশের খেলা সাথীদের সাথে সেখানে গোসল করতে যায়।

একপর্যায়ে সোহান পানিতে তলিয়ে যেতে দেখে তার সাথে থাকা অন্যান্য বাচ্চারা এসে সোহানের পরিবারকে জানায়। পরে পরিবারের লোকেরা সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গার থানার ওসি মো. শাহনুর-এ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপন্তরকে বলেন, অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত