মালিকের বিরুদ্ধে গাড়ি চালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০২:১০ পিএম

নরসিংদীর পলাশে গাড়ি চালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় কমিশনারের ভাইসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে নির্যাতিতা নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় মামলা দায়ের করেছেন।

তবে অভিযুক্ত পাপ্পু খন্দকারকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা যায়, পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার আলম খন্দকারের ভাই পাপ্পু খন্দকার। পাপ্পু খন্দকারের অধীনে রেন্ট এ কারের চালক হিসেবে চাকরি করতেন নির্যাতিতার স্বামী।

তার দুই মাসের বেতন বকেয়া ছিল। গত ২৬ অক্টোবর রাতে গাড়ি চালকের মাসিক বেতন দেয়ার কথা ছিল। গাড়ির মালিক বেতনের টাকা চালক নষ্ট করে ফেলবে এই অজুহাত দেখিয়ে ওই সময় চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন।

পরে মালিকের কথা অনুযায়ী চালক তার স্ত্রীকে নিয়ে আসেন। ওই সময় পাপ্পু খন্দকার চালককে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন।

শুক্রবার রাতেও গাড়ির মালিক চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন। এতে রাজি না হয়ে শনিবার রাতে বিষয়টি পলাশ থানা-পুলিশকে অবহিত করেন নির্যাতিতার পরিবার। পরে রবিবার সকালে পাপ্পু খন্দকারকে প্রধান আসামি ও শাহাদত হোসেন নামে আরেকজনকে সহযোগী করে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, পাপ্পু খন্দকারসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত