নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০২:১৫ এএম

নারায়ণগঞ্জে নিখোঁজের দুদিন পর পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে রাকিন (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার চর সৈয়দপুর এলাকা থেকে গতকাল রবিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

রাকিনের স্বজনরা জানান, গত শুক্রবার সকালে বাসার সামনে খেলছিল রাকিন। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি জিডি করা হয়। রাকিন ওই এলাকার আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া জালাল মিয়ার ছেলে। সদর মডেল থানার এসআই হর বিলাশ দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, কয়েক মাস যাবৎ বাড়ির পাশের ওই সেপটিক ট্যাংকটির ঢাকনা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, খেলা করতে গিয়ে সেখানে পড়ে রাকিনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত