মার্কিন নির্বাচনে জালিয়াতির ইঙ্গিত রুশ নির্বাচন কমিশনারের

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০৫:৩৬ পিএম

রাশিয়ার প্রধান নির্বাচন কমিশনের প্রধান সোমবার জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পোস্টাল ভোট জালিয়াতির পথকে প্রশস্ত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অভিযোগকে সমর্থন দিলেন রাশিয়ার প্রধান নির্বাচন কমিশনার ইলা পামফিলোভা।

তিনি জানান, মার্কিন নির্বাচনে মেইলে আসা ভোট নিয়ে তিনি সতর্কভাবে বিশ্লেষণ করেন। প্রক্রিয়াটিতে জালিয়াতির ঝুঁকি পাওয়া গেছে।

রুশ সংবাদমাধ্যম তাসকে পামফিলোভা বলেন, ‘আমার কাছে বিষয়টা স্পষ্ট। এতে বিশাল জালিয়াতির সুযোগ তৈরি হয়েছিল।’

মৃত মানুষের ভোট প্রদানসহ পুরো প্রক্রিয়ায় নিয়ন্ত্রণের অভাব ছিল বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সমালোচনা করেন তিনি।

এদিকে নির্বাচন নিয়ে একাধিক টুইটে জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষ করে মেইলে আসা আগাম ভোট নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

ট্রাম্পের আইনজীবীও পোস্টাল ভোট নিয়ে একই অভিযোগ করেন। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের নির্বাচন নিয়ে আইনজীবী রুডি জিলিয়ানির ভাষ্য, ‘কবর থেকে উঠে এসে ডেমোক্র্যাটরা ভোট দিয়েছে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার রুদ্ধশ্বাস এক নির্বাচনে জিতে হোয়াইট হাউসের চাবি পান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দনও পাচ্ছেন তিনি।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছেন জানুয়ারি পর্যন্ত। সে মাসের ২০ তারিখ প্রেসিডেন্টের শপথ নিয়ে হোয়াইট হাউসে উঠবেন বাইডেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত