বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে আশুলিয়া থানা যুবলীগ।
আশুলিয়ার নরসিংহপুরে যুবলীগ কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়নে বৃক্ষ রোপণ, অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ, প্রতিবন্ধীদের মধ্যে ১০টি হুইল চেয়ার বিতরণ, ভুল চিকিৎসায় হাত পা হারানো শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস আলীকে যুবলীগের পক্ষ থেকে ওষুধের দোকান করে দেওয়ার ঘোষণা ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সফিউল আজম খান বারকু, বিশেষ বক্তা ছিলেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজানুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভূইয়া। বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আশুলিয়া থানা যুবলীগ বদ্ধ পরিকর।
