মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে বিএনপি: কাদের

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০৩:২১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে।

শনিবার রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপির অতীত ষড়যন্ত্রের। তাদের রাজনৈতিক সংস্কৃতি হত্যা ও সন্ত্রাসের।

তিনি বলেন, নিকট অতীতেও তারা (বিএনপি) পেট্রল বোমা এবং আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মহোৎসব করেছিল। ২০১৩ যাত্রীবেশে বাসে উঠে গান পাউডার দিয়ে যেভাবে আগুন দিয়েছে, এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাস পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ আছে- সবই পুরোনো এবং চেনামুখ। এ ঘটনাকে কেন্দ্র করে একটি ফোনালাপের রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,কোনো পকেট কমিটি করা যাবে না। ত্যাগী ও দলের নিবেদিতদের কমিটিতে স্থান করে দিতে হবে।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আবুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত