ষড়যন্ত্র মোকাবিলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: কাদের

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০৩:৪০ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। সাংগঠনিক ঐক্যের মাধ্যমে দলকে গণমুখী করতে হবে।

রবিবার বেলা ১১টায় নাটোর নবাব নিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পলাশীর ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটিয়ে ১৯৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের মহানায়ক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে নিষিদ্ধ করা হয় বঙ্গবন্ধু আর জয় বাংলা স্লোগানকে।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার আগমন ঘটে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারে তিনবারে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুফল পাচ্ছেন দেশের সাধারণ মানুষ। তার দূরদর্শী সাহসী ও মানবিক নেতৃত্বের কারণে করোনাকালীন সময়েও দেশের অর্থনীতির চাকা সচল আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৮১ সালে সংগ্রামের অগ্নি মশাল জ্বেলে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে জাতিকে তিনি বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত করেছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এ ছাড়া বক্তব্যে রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত