দেশে চিকিৎসকের শূন্যপদ ১১ হাজার: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১১:৫১ পিএম

সারা দেশে চিকিৎসকের পদ ১১ হাজার ৩৬৪টি শূন্য রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, এর মধ্যে ৩৮তম বিসিএসের মাধ্যমে ২৯০, ৪০তম বিসিএসের মাধ্যমে ২৬০, ৪১তম বিসিএসের মাধ্যমে ১০০, ৪২তম বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসকের শূন্যপদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। 

প্রশ্ন উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জেলাভিত্তিক শূন্য পদের পরিসংখ্যান দিয়েছেন। এতে দেখা যায়, দেশের ৬৪ জেলার সবকটিতেই চিকিৎসকের পদ শূন্য রয়েছে। সবচেয়ে বেশি ৩ হাজার ১৮৫টি পদ শূন্য রয়েছে ঢাকায়।

মন্ত্রী বলেছেন, ওএসডি চিকিৎসকের সংখ্যা বেশি থাকায় ঢাকায় বাড়তি চিকিৎসক দেখানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় ৩ হাজার ১৮৫টি পদ, ফরিদপুরে ২৭৮, গাজীপুরে ১২৫, গোপালগঞ্জে ২৮৩, কিশোরগঞ্জে ২৩৭, মাদারীপুরে ৪২, মানিকগঞ্জে ২১৪, মুন্সীগঞ্জে ৯১, নারায়ণগঞ্জে ৫৩, নরসিংদীতে ৫২, রাজবাড়ীতে ৭৪, শরীয়তপুরে ৭৮, টাঙ্গাইলে ৯০, জামালপুরে ১৫৬, ময়মনসিংহে ৩১১, নেত্রকোনায় ১২০, শেরপুরে ৪৭, বান্দরবানে ৪২, ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫, চাঁদপুরে ৫৬, চট্টগ্রামে ৩৪৬, কুমিল্লায় ২২৬, কক্সবাজারে ১৩৪, ফেনীতে ৪৮, খাগড়াছড়িতে ৩৭, লক্ষ্মীপুরে ৩৪, নোয়াখালীতে ৯৮, রাঙ্গামাটিতে ৬০, বগুড়ায় ২৬৫, চাঁপাইনবাবগঞ্জে ৫০, দিনাজপুরে ৩৩৩, গাইবান্ধায় ৭৬, জয়পুরহাটে ৬১, কুড়িগ্রামে ৯০, লালমনিরহাটে ৬৪, নওগাঁয় ১১৯, নাটোরে ৪৯, নীলফামারীতে ১২৫, পাবনায় ১২৪, পঞ্চগড়ে ৭৬, রাজশাহীতে ২৩৩, রংপুরে ২৬১, সিরাজগঞ্জে ১৬১, ঠাকুরগাঁওয়ে ৭৩, বাগেরহাটে ১২৪, চুয়াডাঙ্গায় ২১, যশোরে ১২৩, ঝিনাইদহে ৭৭, খুলনায় ৩৯৬, কুষ্টিয়ায় ১০৭, মাগুরায় ৫০, মেহেরপুরে ৪৫, নড়াইলে ৪৯, সাতক্ষীরায় ১৬৫, বরগুনায় ৯৪, বরিশালে ৪৩৮, ভোলায় ৯২, ঝালকাঠিতে ৩৭, পটুয়াখালীতে ১৮৭, পিরোজপুরে ৭৮, হবিগঞ্জে ৫৫, মৌলভীবাজারে ৬৩, সুনামগঞ্জে ১৩১ এবং সিলেটে ৩৩১টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত