নড়িয়ায় চিরনিদ্রায় শায়িত সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০২:৩৬ এএম

শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর (৮৪) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে শরীয়তপুরের নড়িয়া বিএল উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম দক্ষিণ নড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে করে শওকত আলীর মরদেহ শরীয়তপুরের ধানুকা স্টেডিয়ামে আনা হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বেলা ১১টার দিকে নড়িয়া শহীদ মিনারে রাখা হয়। দুপুর ২টার দিকে শরীয়তপুরের নড়িয়া বিএল উচ্চ বিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। চোখের জলে প্রিয় নেতাকে বিদায় জানান নেতাকর্মীরা।

জানাজায় অন্যদের মধ্যে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ অংশ নেন।

গত সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় কর্নেল (অব.) শওকত আলী মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত