লক্ষ্মীপুর সদর উপজেলায় রিতু আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ভবানীগঞ্জ ইউনিয়নের জেলে গ্রামের নিজ বসতঘরের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রিতু ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ও জেলে গ্রামের রাজমিস্ত্রি রমজানের ছোট মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রিতুর মা প্রতিদিনের মতো ফজর নামাজ পড়ে হাঁটতে বের হন। কিছুক্ষণ পর ঘরে এসে দেখতে পান তার ছোট মেয়ে রিতু আক্তার নিজের ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
খবর পেয়ে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করেছে।
লক্ষ্মীপুর সদর (মডেল) থানার পুলিশের উপপরিদর্শক মো. সোহেল রানা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তর পর জানা যাবে মৃত্যুর কারণ।
