নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী পালন

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০৭:৩০ পিএম

নেত্রকোনায় নিজের প্রতিষ্ঠিত বিদ্যালয়ে হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এই অনুষ্ঠানে যোগ দিয়ে নেত্রকোনার কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, কেবল পুথিগত বিদ্যা দিয়ে প্রকৃত মানুষ হওয়া যায় না। পুথিগত বিদ্যা দিয়ে ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়া যায়। কিন্তু একজন হুমায়ূন আহমেদ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে পাঠ্যপুস্তক অধ্যয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অন্যান্য বই পড়ে জ্ঞান আহরণ করতে হবে। নাচ, গান, আবৃত্তি, শরীরচর্চা ও খেলাধুলা সবই করতে হবে সমান তালে।’

শনিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কুতুবপুর গ্রামে নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ আয়োজিত হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী ও চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওনের সভাপতিত্বে ও শিক্ষাপ্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক শরিফ আনিস আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অন্য প্রকাশনীর মালিক মাজহারুল ইসলাম, সাংবাদিক জ.ই মামুন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া প্রমুখ।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‌্যালি ও চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত