দুদকের অভিযান

ভুয়া বিল ভাউচারে তেলের অর্থ তুলে আত্মসাৎ

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০১:৫০ এএম

নারায়ণগঞ্জে নৌ-সরংক্ষণ ও পরিচালন কর্র্তৃপক্ষের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে তেল তুলে আত্মসাতের অভিযোগে গতকাল রবিবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে কমিশনের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছে।

প্রণব জানান, কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট থেকে রবিবার সারা দেশ থেকে পাওয়া ১৬টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। এরমধ্যে দুটি পৃথক অভিযান ও ১৪টি দপ্তরে পত্র দিয়ে সতর্ক করা হয়েছে।

দুদকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদক অভিযোগ কেন্দ্রে আগত অভিযোগের প্রেক্ষিতে চালানো অভিযানে দুদক টিম নৌ-সংরক্ষণ ও পরিচালন কর্র্তৃপক্ষের নারায়ণগঞ্জের দপ্তর পরিদর্শন করে। তারা অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে পর্যালোচনা করে। রেকর্ডপত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাহাজ দুর্ঘটনায় উদ্ধার জাহাজের ভুয়া ভাউচার তৈরি করে তেল খরচ দেখিয়ে অর্থ তুলে নেওয়ার সত্যতা পাওয়া যায়। অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত