রাজধানীর বংশালের আলুবাজারে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধার সদর উপজেলার রফিকুল হকের ছেলে সে। থাকত আলুবাজারের নির্মাণাধীন ওই ভবনেই।
তার আপন বড় ভাই আউস মিয়া জানান, তারা এক সঙ্গে আলুবাজারের ওই নির্মাণাধীন ভবনে রাজ মিস্ত্রির কাজ করত। সন্ধ্যায় ফরহাদ ভবনটির আন্ডারগ্রাউন্ডে যায় কাজের জন্য একটি কাঠ আনতে। পরে সেখানেই বিদ্যুতের তারের সঙ্গে লেগে স্পৃষ্ট হয়। কিছুক্ষণ পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
