কঙ্গোতে বিমানবাহিনীর নতুন কন্টিনজেন্ট প্রতিস্থাপন

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০২:৪৪ এএম

বাংলাদেশ বিমানবাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৩২০ সদস্যের কন্টিনজেন্টের প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। তাদের মধ্যে তিনজন নারী কর্মকর্তা রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত রবিবার বিমানবাহিনী ঘাঁটি বাশারে কঙ্গোগামী ব্যানএয়ারের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।

তিনি করোনাভাইরাসের বিস্তার রোধ এবং এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানায়, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর তিনটি কন্টিনজেন্টে (ইউটিলিটি এভিয়েশন ইউনিট, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) মোট ৩২০ জন বিমানবাহিনীর সদস্যসহ একটি সি-১৩০বি পরিবহন বিমান, ছয়টি এমআই-১৭ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত