মেয়র আইভীর পরিবারের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০৮:২৪ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী ও তার পরিবার শত কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি জাল দলিলের মাধ্যমে দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এসব ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন অভিযোগ করে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল।

বুধবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চাষাঢ়া শহীদ মিনারে দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে আয়োজিত গণ প্রতীকী অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত অনশন কর্মসূচিতে সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে সেখানে হাজির হয়েছেন নারায়ণগঞ্জের সকল শ্রেণি পেশার প্রতিনিধিরা।

তাদের এই দাবির প্রতি সহমর্মিতা ও একাত্মতা প্রকাশ করে সেখানে যোগ দিয়েছেন সিটি করপোরেশনের প্রায় দেড় ডজন কাউন্সিলর, জাতীয় ভিত্তির ৪টি ব্যবসায়িক সংগঠনের নেতারা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা, জেলা আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বাংলাদেশ শিক্ষক সমিতি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নসহ ৬টি সাংবাদিক সংগঠন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর জাতীয় পার্টি, জেলা ও মহানগর জাসদ, ৭১’এর ঘাতক দালাল নিমূল কমিটিসহ নানা শ্রেণি পেশার সংগঠন।

অনশন শুরু হওয়ার আগেই দুপুর থেকে নগরীর চাষাঢ়া এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা সমবেত হতে থাকেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল বলেন, আওয়ামী লীগের লেবাস লাগিয়ে হিন্দু সম্পত্তি দখলের অপচেষ্টা করে মেয়র আইভী দলকে কলঙ্কিত করেছেন। তিনি ভুলে গেছেন আওয়ামী লীগ জনতার আর  জনতার শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র আইভীকে অবশ্যই জনতার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মন্দিরের সম্পত্তি দখলের বিরুদ্ধে আজ মাঠে নামতে হয়েছে এটা এই সরকারের জন্য আমাদের জন্য পীড়াদায়ক।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আমি ২৫বছর ধরে ৩ দফায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি কোন হিন্দু হিসেবে না এই শহরের এই জেলার একজন সন্তান হিসেবে এখানে এসেছি। রাজনৈতিক ও পেশাগত দায়িত্ব পালনকালে আমাকে কখনোই সাম্প্রদায়িকতার মুখোমুখি হতে হয়নি। আমার মৃত্যুর পর আমার মৃতদেহটির সামনেই হয়তো কোন মুসলিম ভাই বহন করবেন আর পেছনে থাকবেন হিন্দু ভাই। এটাই তো অসাম্পªদায়িক নারায়ণগঞ্জ। কিন্তু বড় কষ্ট হয় যখন দেখি আমাদের সরকার আমলে আমাদেরই দলের মেয়র আইভী ও তার পরিবার হিন্দু সম্পত্তি দখলের অভিযোগ উঠে। হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন দেখি জনবিচ্ছিন্ন বামপন্থীরা এই সরকার আর জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করার দু:সাহস দেখায় আর এই মেয়র আইভী তাদের সঙ্গে দাঁড়িয়ে মুচকি হাসেন। কর্মী-সমর্থকদের কাছে তখন লজ্জায় মাথা হেট হয়ে যায় আমাদের। কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া যাবে না।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি দীপক কুমার সাহা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শিখন সরকার।

উল্লেখ্য, গত ১১নভেম্বর বিক্ষোভ ও মানব বন্ধন করে একই ইস্যুতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছিল হিন্দু সম্প্রদায়ের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত